August 6, 2026, 5:17 pm

নতুন যানবাহন ক্রয়ে নিষেধাজ্ঞা

নতুন যানবাহন ক্রয়ে নিষেধাজ্ঞা

নতুন যানবাহন ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিশেষ করে মোটরযান, জলযান ও আকাশযান ক্রয় বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা একটি পরিপত্র জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরির কর্তৃত্ব জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে অর্থ বিভাগ থেকে ইতোপূর্বে জারিকৃত পরিপত্রগুলোর অনুবৃত্তিক্রমে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে (পরিচালন ও উন্নয়ন) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন বাজেটের অধীন প্রদর্শিত বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যয় করা যাবে। এছাড়া প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ব্যতীত) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। পাশাপাশি পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

অর্থ মন্ত্রণালয় আরও জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন বাজেটের অধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত ‘এ’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে জিওবি অংশে বরাদ্দকৃত অর্থ শতভাগ ও ‘বি’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে জিওবি অংশে বরাদ্দকৃত অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে বাকি ৮৫ শতাংশ ব্যয় করা যাবে। এছাড়া ‘সি’ ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থ ছাড় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে আপ্যায়ন ব্যয়, প্রশিক্ষণ, ভ্রমণ ব্যয়, অন্যান্য মনিহারি, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাবপত্র খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। এর বাইরে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

পরিপত্রে বলা হয়েছে, নতুন/প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয় (মোটরযান, জলযান, আকাশযান) বন্ধ থাকবে। ক্যাটাগরি (এ, বি, সি) নির্বিশেষে যেসব প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আগামী ৩০ জুন সমাপ্তির জন্য নির্ধারিত ও কোনোক্রমেই মেয়াদ বৃদ্ধির অবকাশ নেই, সেসব প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শতভাগ ব্যয় করা যাবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় অর্থ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com