August 12, 2026, 1:24 pm

বাণিজ্য মেলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাণিজ্য মেলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশি মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৩ জানুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাণিজ্য মেলা চলাকালীন সময়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও মনিটরিং করা হয়। এসময় ধার্য্যকৃত মূল্যের থেকেও বেশি দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) বিকাশ চন্দ্র দাস-এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান, অধিদপ্তরের কর্মচারী এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি মাসের (১ জানুয়ারি) মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে খোলা মাঠে অনুষ্ঠিত হলেও গত বছর থেকে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণ মেলায় এর জন্য আলাদাভাবে জায়গা নির্ধারণ করা হয়।

এবারের বাণিজ্য মেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এবার মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে ক্রয় করলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। এছাড়াও মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিং ব্যবস্থাসহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com