August 17, 2026, 2:05 pm

আইওএসসিওর সহ-সভাপতির দায়িত্ব নিলেন শিবলী

আইওএসসিওর সহ-সভাপতির দায়িত্ব নিলেন শিবলী

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত আইওএসসিও’র ৪৭তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে তিনি আগের কমিটির কাছ থেকে ২০২২-২৪ মেয়াদের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন।

সভায় আইওএসসিও এবং বিএসইসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়বে বলে বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের জুলাইতে ইলেকট্রনিক ভোটিংয়ে চীনকে পরাজিত করে শিবলী আইওএসসিওর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশের জন্য এ অর্জন এটাই প্রথম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন।

বিএসইসির চেয়ারম্যান হওয়ার আগে তিনি সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার যোগদানের পর ২০১৬ সাল থেকে গত চার বছরে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা লাভ করে সাধারণ বিমা করপোরেশন।

এরমধ্যে ২০১৬ সালে ২৮৫ দশমিক ৪৩ কোটি টাকা লাভ করে। ওই বছর বিমা দাবি পরিশোধ করা হয় ২০০ দশমিক ০৬ কোটি টাকা। এরপর থেকে এ ধারা বাড়তে থাকে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি লাভ করে ৩০১ দশমিক ৭৩ কোটি টাকা। ওই বছর বিমা দাবি পরিশোধ করা হয় ৩৫০ দশমিক ১১ কোটি টাকা।

২০১৮ সালে লাভ করে ৩২৫ দশমিক ০২ কোটি টাকা। ওই বছর বিমা দাবি পরোশোধ করা হয় ৩৭৬ দশমিক ৩৬ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৯ সালে অনিরীক্ষিত হিসাব অনুযায়ী লাভ করে ৩২৮ দশমিক ৯০ কোটি টাকা এবং বিমা দাবি পরিশোধ করে ৪৬২ দশমিক ২৪।

শিবলী একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষসহ বিজনেস স্টাডিস অনুষদের ডিন হিসেবে চারবার নির্বাচিত হয়েছেন।

তিনি সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এসবিসিসিআই) সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং (ডুয়াব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের জন্ম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা রফিকুল ইসলাম খান অবসর নেওয়ার আগ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী হাসিনা মমতাজ। স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com