August 16, 2026, 6:37 pm

বছরে ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই

বছরে ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই

দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বছরে ৩০ জন নারী শিক্ষার্থীকে পড়াশোনার খরচ দেবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বৃত্তিপ্রাপ্তরা এশিয়ান ইউনিভাসির্টি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার সুযোগ পাবেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। এফবিসিসিআইয়েরর পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষে উপাচার্য ড. রুবানা হক ৫ বছর মেয়াদি এ সমঝোতা স্মারকে সই করেন।

সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তৃণমূলের প্রান্তিক নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই। এর মাধ্যমে সমাজে নারী ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করেন সভাপতি।

তিনি বলেন, ভারতসহ অন্যান্য দেশে শিল্পখাতের সঙ্গে শিক্ষাখাতের নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলাদেশেও এ সম্পর্ক জোরদার করতে হবে। দক্ষ জনবল তৈরি ও শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ বাড়াতে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ বুয়েট ও নর্থ সাউথের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কাজ চলছে।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বাধা-বিপত্তি পেরিয়ে পড়াশোনা করেন। অন্তর্ভুক্তিকরণকে প্রধান লক্ষ্য হিসেবে কাজ করা জরুরি বলে মনে করেন তিনি। তিনি জানান, ১৯ টি দেশের প্রায় ১৩০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের শিল্পখাতে ব্যাপক অবদানের কথা স্মরণ করে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বিভিন্ন জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের অবকাঠামোগত উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা ব্যবসায়ীরা সারাজীবন মনে রাখবেন। বৃত্তি দেওয়ার ক্ষেত্রে কুড়িগ্রামের দরিদ্র শিক্ষার্থীদের প্রাধান্য দিতে আহ্বান জানান সিনিয়র সহ-সভাপতি। ব্যক্তিগতভাবে ৫ জন শিক্ষার্থীর পড়ালেখার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমেদ বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পেছনে রেখে দেশ এগোতে পারবে না। শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষাকে সার্বজনীন করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন কামাল আহমেদ।

এসময় অনুষ্ঠানে এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com