August 18, 2026, 4:57 am

৩০ হাজার টন সার ও ৫০ হাজার টন গম কেনার অনুমোদন

৩০ হাজার টন সার ও ৫০ হাজার টন গম কেনার অনুমোদন

চলতি অর্থবছরের (২০২২-২৩) জন্য সৌদি আরব থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার ও সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ ক্ষেত্রে ব্যয় হবে ৩৭৭ কোটি ১০ লাখ ৪৩ হাজার টাকা। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এই পণ্যগুলো কেনা হবে।

বুধবার (২০ জুলাই) বিকেলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম সভায় এই দুই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের চারটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ছয়টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৫১৭ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৩৫৬ টাকা।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সৌদির এসএবিআইসি এগ্রি- নিউট্রিনেটস কোম্পানি থেকে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আনা হবে। দুই লটে আনা হবে ৩০ হাজার টন সার। এজন্য ১৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সিঙ্গাপুরের এমএস অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন গম আনবে খাদ্য অধিদপ্তর। এজন্য ২০৯ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ ডেসকো লি. কর্তৃক পূর্বাচল নতুন শহর এলাকায় ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন নির্মাণের লক্ষ্যে ‘রাজউক পূর্বাচল নতুন শহরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে রূপান্তর’ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com