August 19, 2026, 8:04 am

লাভ করুন, লোভ করবেন না: ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী

লাভ করুন, লোভ করবেন না: ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তবে সে সুযোগ নিয়ে যেসব ব্যবসায়ী রাতারাতি ভাগ্য বদলাতে চান তাদের সতর্ক করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, লাভ করুন, কিন্তু লোভ করবেন না।

মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সংখ্যায় সীমিত হলেও শক্তিতে কঠিন। এজন্য সরকারও তাদের প্রতি কঠোর হয়েছে।

টিপু মুনশি বলেন, সাধারণ মানুষকেও এখন সচেতন হতে হবে। প্রতারিত হলে প্রতিবাদ করতে হবে। ভোক্তা অধিদপ্তরে (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) অভিযোগ করতে হবে। ভোক্তা অধিদপ্তরকেও কার্যকর হতে হবে।

এসময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, এখন ভোক্তাদের দারুণ দুঃসময় চলছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষ পণ্যমূল্যে নিষ্পেষিত। সরকারও চেষ্টা করছে দাম নিয়ন্ত্রণের। কিন্তু আন্তর্জাতিক বাজার, জাহাজভাড়া বৃদ্ধি, ডলারের বিনিময় হার অবমূল্যায়নসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি দেশের বাজারে পণ্যমূল্যে বাড়তি চাপ তৈরি করেছে। ফলে সরকারকে আরও জোরালো ভূমিকা নিতে হবে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন দ্রব্যমূল্য যে পরিস্থিতিতে রয়েছে, সেটা নিয়ে সিন্ডিকেট করবেন না। এ খারাপ পরিস্থিতিতে মুনাফা কমিয়ে মানুষের সেবা করুন।

ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, কারণ ছাড়াই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কাউকে ছাড় দেবেন না। প্রয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারকে কঠোর পদক্ষেপ নিতে সহায়তা করবে। আমরা ব্যবসায়ীদের পক্ষে, কিন্তু অসাধুরা ব্যবসায়ী নয়।

আলোচনা পর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com