August 18, 2026, 6:27 am

‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু ২০ মার্চ

‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু ২০ মার্চ

‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম রোববার (২০ মার্চ) থেকে শুরু হবে। ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারাদেশে একযোগে চলবে এই কার্যক্রম।

টিসিবি জানিয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এছাড়া নতুন যুক্ত হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার।

সূত্র জানায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পাঁচটি পণ্য দেওয়া হবে। একসঙ্গে ১৪ কেজি ওজনের এই পাঁচ পণ্যের প্যাকেট পাবেন কার্ডধারীরা। প্রতি প্যাকেটে থাকবে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজ।

সেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৬৫, পেঁয়াজ ৩০ টাকা। ছোলার দাম এখনো নির্ধারণ হয়নি।

জানা গেছে, একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

এই কর্মসূচির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল, ৪০ হাজার মেট্রিক টন চিনি, ৪০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ৪০ হাজার মেট্রিক টন ছোলা এবং ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com