July 22, 2026, 1:17 am

ওমিক্রন : মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশের আশঙ্কা বিল গেটসের

ওমিক্রন : মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশের আশঙ্কা বিল গেটসের

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর বিশ্বের বহু দেশে অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। করোনার নতুন এই ধরনের কারণে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক করতে সরব হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস।

তার আশঙ্কা, দেশে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে সমগ্র বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে। এই পরিস্থিতিতে নিজের আসন্ন ছুটির দিনের বেশিরভাগ পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া সিরিজ টুইটে একথা জানান বিল গেটস। টুইটারে দেওয়া এসব বার্তায় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা বলেন, তার ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমান ভাবেই করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। আর তাই পরিস্থিতির কথা মাথায় রেখে অনুসরণকারীদের প্রতি তার পরামর্শ -‘আমাদেরকে এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘ওমিক্রন ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের প্রতিটি দেশেই ছড়িয়ে পড়বে।’

পরে আরেকটি টুইটে বিল গেটস জানান, ‘ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা ঠিক জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক।

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিল গেটস যখন এমন এক সময়ে এই কথাগুলো বললেন যখন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমিত হয়েছেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ওমিক্রনে সংক্রমণের হার ৩ শতাংশ থেকে একলাফে ৭৩ শতাংশে পৌঁছেছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com