July 21, 2026, 3:34 pm

বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সৌজন্য সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বৈঠকে সামরিক প্রযুক্তি, নৌ-জাহাজ নির্মাণ, যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান, নৌ-জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ সামরিক প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এছাড়া, দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করার উপায় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, পারস্পরিক উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত ও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com