November 24, 2026, 2:03 am
দেশের তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে উক্ত আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদানপূর্বক তফসিলি ব্যাংকসমূহের ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময়সীমা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।’
এর আগে ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার জন্যও ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেয়া হয় একই কারণে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই নিরীক্ষা করতে হবে। এ আর্থিক প্রতিবেদন জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে অতিরিক্ত সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায়।
বিজনেস নিউজ/ এসআর