November 24, 2026, 3:10 am

ভাড়া বকেয়া থাকায় ঘর থেকে বের করে দিলেন বাড়িওয়ালা

ভাড়া বকেয়া থাকায় ঘর থেকে বের করে দিলেন বাড়িওয়ালা

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় ভাড়া বকেয়া থাকায় করোনাভাইরাস মহামারিকালে কাজ হারানো এক পরিবারকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পরিবারটির সড়কে অবস্থানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মহানগর পুলিশের নজর আসে। পুলিশের হস্তক্ষেপে শুক্রবার তাদের লালখান বাজারের দুবাই কলোনির ওই ভাড়া বাসায় তুলে দেওয়া হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মহামারিকালে বকেয়া ভাড়ার জন্য ঘর থেকে বের করে দেওয়া এবং রাস্তায় রাত কাটানো এক প্রকার অমানবিক কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ ঘটনা জানার পর বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাদের বাসায় তুলে দেওয়া হয়েছে।’

দুবাই কলোনির মোহাম্মদ মোস্তফার দোতলা ভবনে ভাড়া থাকতেন নোয়াখালীর বাসিন্দা কানাই দেবনাথ। স্ত্রীসহ দুই সন্তান, মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোটভাই নিয়ে তাদের পরিবার। কানাই চট্টগ্রাম ওয়াসাতে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করলেও গত বছরের করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির সময় চাকরি চলে যায়। পরে স্থানীয় একটি ডেকোরেটারস প্রতিষ্ঠানে স্বল্প টাকায় কাজ নেন।

কানাইয়ের ছোটভাই শ্রীধাম দেবনাথ বলেন, ‘মহামারির সময়ে দাদার কাজ চলে যাওয়ায় তিন মাসের ভাড়া মিলিয়ে ২১ হাজার টাকা বকেয়া পড়ে। বিভিন্ন সময়ে ভাড়া দেওয়ার জন্য চাপ দেয়া হলেও তা পরিশোধ করা যায়নি।’

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করা শ্রীধাম জানান, তিনি টিউশনি করে পরিবারের সাহায্য করার চেষ্টা করতেন। মহামারির কারণে সেটাও কঠিন হয়ে গেছে। চাকরির চেষ্টা করেও পাচ্ছেন না। বাড়িওয়ালা বিভিন্ন সময়ে বাসা ছেড়ে দিতে চাপ দিচ্ছিল জানিয়ে তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বাড়ি ভাড়ার টাকা বকেয়ার কথা বলে তাদের সবাইকে বাড়িওয়ালা মোস্তফা বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com