April 19, 2026, 2:28 pm

ময়লা নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

ময়লা নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

রাজধানীর দক্ষিণখানে ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণখান থানার ওসি শামীমুর রহমান জানিয়েছেন।

সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের শটগানের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত আব্দুর রশিদ (৪২) ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি রড ও সিমেন্টের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন আশকোনায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে আজ দুপুরে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও একাধিক আহত হন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের শটগানের গুলিতে আব্দুর রশিদ নিহত হয়েছেন। খবর পেয়ে রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

এ সময় উভয়পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। আগুন দিয়ে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দক্ষিণখান থানার ওসি শামীমুর রহমান হতাহতের সত্যতা  নিশ্চিত করেছেন। তবে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের গুলিতে ব্যবসায়ী আব্দুর রশিদ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com