November 21, 2026, 9:28 pm
বেশি রাজস্ব আদায় করতে পারলে কর্মকর্তাদের প্রণোদনা দেয়ার যে বিধান রয়েছে তা পুনর্বিবেচনা করার প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির।
তিনি বলেন, ‘বর্তমান আইনে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের যারা বেশি রাজস্ব আদায় করতে পারবে, তাদেরকে প্রণোদনা দেয়ার বিধান আছে। এ কারণে কর্মকর্তাদের মধ্যে অসম প্রতিযোগিতা হচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছেন ব্যবসায়ীরা।’
ব্যবসায়ীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো কোনো সার্কেলে ট্যাক্সের পরিমাণ কম, আবার কোনো সার্কেলে বেশি। তখন আইনের মধ্যে থেকেই বিভিন্ন চাপের সৃষ্টি হয়, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনায় এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, কাস্টম নীতি সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া এবং ভ্যাট নীতির সদস্য মাসুদ সাদিক অংশ নেন।
এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির ভূমি রেজিস্ট্রেশন ফি কমানোর প্রস্তাব দেন। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘ভূমি রেজিস্ট্রেশন ফি এলাকা ভিত্তিক নির্দিষ্ট হারে নির্ধারণ করা থাকে, যা আসলে প্রকৃত বাজারমূল্য থেকে অনেক কম। সেক্ষেত্রে যিনি ভূমি বিক্রি করছেন তার বৈধ উপার্জনের কিছু অংশ অবৈধ হয়ে যাচ্ছে। কারণ তাকে বাজারমূল্যের চেয়ে কম হারে নির্ধারিত হার অনুযায়ী দেখাতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এনবিআর অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করে যদি রেজিস্ট্রেশন ফি’র হার কমানো যায়, তাহলে দেখা যাবে রাজস্ব আহরণে কোনো ঘাটতি হবে না।’
সভায় এমসিসিআইয়ের ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন সাব কমিটির চেয়ারম্যান আদিব এইচ খান আরও কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করেন। এসময় তিনি করপোরেট কর হার ৩২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনায় এনবিআরের প্রশংসা করলেও, এই কর হার আরও কমানোর প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘আমাদেরকে আমদানি, মধ্যবর্তী বিভিন্ন প্রক্রিয়া এবং সর্বোপরি ফিনিসড প্রোডাক্টেও কর দিতে হয়। এসব কিছু হিসাব করলে দেখা যায় এই কর হার ৩২ দশমিক ৫ শতাংশ আর থাকে না। ক্ষেত্র বিশেষে ৫০ থেকে ৬০ শতাংশ হয়ে যায়। বিষয়টি আমাদের ব্যবসাকে মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত এবং বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহী করছে।’
এছাড়া কর বিষয়ক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে রিভিশনের পরিবর্তে আগের মতো আপিলের ব্যবস্থা করার প্রস্তাব দেন।
সবকিছু শুনে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, ‘প্রাক বাজেট আলোচনায় বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের নেতারা যেসব প্রস্তাব দেন তাতে শুধু তাদের স্বার্থ ভেবে প্রস্তাব দেন। কিন্তু এমসিসিআই দু পক্ষেরই স্বার্থের কথা ভেবে প্রস্তাব দেন।’