June 27, 2026, 7:41 am
করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাশ্রয়ী মূল্যে ডেটা দেবে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলালিংকের মধ্যে সোমবার এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান এবং বাংলালিংকের ইন্টারপ্রাইজ বিজনেসের পরিচালক রুবাইয়াত এ তাজনীন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় মাসে ১০ জিবি, ১৫ জিবি ও ৩০ জিবির তিনটি প্যাকেজে বাংলালিংকের ডেটা সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা; বিডিরেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা যাবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মহামারীর মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এগিয়ে আসায় দেশের মোবাইল অপারেটরগুলোকে ধন্যবাদ জানান।
আকর্ষণীয় ডেটা অফারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বাংলালিংকসহ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে করোনাভাইরাস পরবর্তী সময়েও সাশ্রয়ী মূল্যে বিশেষ ডেটা প্যাক অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান বলেন, মহামারীর শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। ইউজিসির সঙ্গে এই চুক্তি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ডেটা প্যাকেজ ব্যবহারের সুযোগের মাধ্যমে তাদের ঘরে থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করবে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে গ্রামীণফোন ও রবি সাশ্রয়ী মূল্যে ডেটা দিতে এর আগে ইউজিসির সঙ্গে চুক্তি করে। এছাড়া টেলিটকও নামমাত্র খরচে শিক্ষার্থীদের ইন্টারনেট ডেটা দিচ্ছে।
ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক মো. আবু তাহের এবং বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান ভার্চুয়াল সভায় বক্তব্য দেন।
বিজনেস নিউজ/এসআর