April 11, 2026, 2:22 pm
কভিডের সংক্রমণ এড়াতে সাবধানতা অবলম্বন করছেন ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে সবাই। সংকটকালীন এ সময়ে নগদ টাকার লেনদেন ছেড়ে অনলাইনের মাধ্যমেই বিভিন্ন ধরনের বিল পরিশোধের আগ্রহ বেড়েছে গ্রাহকদের।
বাংলাদেশ ব্যাংকের সর্বেশেষ তথ্য অনুযায়ী, গত সাত মাসে (এপ্রিল-অক্টোবর) অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ৪৩ হাজার ৯৬৫ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় তিন হাজার ৯৮৯ কোটি টাকা বেশি। আগের বছরের একই সময়ে অনলাইন ব্যাংকিংয়ের লেনদেন ছিল ৩৯ হাজার ৯৭৬ কোটি ৭০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল মাসে ২৬ লাখ ৮৭ হাজার ৩০৪ গ্রাহক ১৮ লাখ ২০ হাজার ৯২ বার অনলাইন-ভিত্তিক লেনদেন করেন। এসব গ্রাহকের লেনদেনের পরিমাণ ছিল মোট চার হাজার ৬৬৪ কোটি ৪০ লাখ টাকা। মে মাসে পাঁচ হাজার ৫৩১ কোটি ৭০ লাখ টাকা, জুনে সাত হাজার ৪২১ কোটি ১০ লাখ টাকা, জুলাই মাসে ছয় হাজার ২৫৪ কোটি ৯০ লাখ টাকা, আগস্টে ছয় হাজার ৮০০ কোটি ১০ লাখ টাকা, সেপ্টেম্বরে সাত হাজার ছয় কোটি ৮০ লাখ টাকা ও অক্টোবর মাসে ছয় হাজার ২৮৬ কোটি ৭০ লাখ টাকা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন ব্যাংকিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে কভিড-১৯-এর আক্রমণের পর থেকে এ লেনদেন ও গ্রাহকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। মূলত সামাজিক দূরুত্ব বজায় রেখে নগদ সরাসরি টাকার লেনদেন কমাতে এই সেবাকে বেছে নিচ্ছেন তারা। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখা উচিত বলেও মনে করছেন তারা।
ইন্টারনেট ব্যাংকিং: অনলাইন তথা ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন সাধারণ ব্যাংকিং কার্যক্রমকেই ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। এক্ষেত্রে ইন্টারনেটে যুক্ত হয়ে ব্যাংকের নির্দিষ্ট সুরক্ষিত ওয়েবসাইটের মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেন। অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যাংক গ্রাহককে প্রয়োজনীয় তথ্য (সাধারণত: একটি আইডি ও পাসওয়ার্ড) সরবরাহ করা হয়।
অনলাইন ব্যাংকিং ব্যবহার করে মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, এটিএম ও শাখার লোকেশন, মিনি ও বিস্তারিত স্টেটমেন্ট, লেনদেনের সার্বিক বিবরণী, ঋণসংক্রান্ত তথ্য, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ব্যালান্স, বকেয়া দেনার হিসাব ও পরিশোধ সীমা প্রভৃতি জানতে পারেন।
বিজনেস নিউজ/এসআর