April 30, 2026, 1:30 pm
কারাবন্দি ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামির জামিন করিয়ে দিতে অর্থের লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার ব্যাংক হিসাব জানতে চেয়ে দেশের ৫৬টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে রুপার চলতি ও সঞ্চয়ী হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত চিঠি সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে।
পাশাপাশি ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এবারের তলবি নোটিশে তাকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ ২০২১ সালের ২৭ জানুয়ারি সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর রুপাকে চিঠি দেয় দুদক। সেই চিঠিতে তাকে ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকায় ৪ নভেম্বর দুদকে হাজির হননি তিনি।
বিজনেস নিউজ / এসআর