April 11, 2026, 2:27 pm
ছোট আর বড়, প্রায় সব প্রকল্পই নির্দিষ্ট সময়ে শেষ হয় না। প্রকল্প বাস্তবায়নে যে সময় চাওয়া হয়, বাস্তবায়ন শেষ হতে তার থেকে অনেক বেশি সময় লাগে। ফলে প্রকল্প শেষ করতে বাড়াতে হয় সময়, পাশাপাশি বেড়ে যায় প্রকল্প ব্যয়। যা নিয়ে প্রচন্ড বিরক্ত প্রধানমন্ত্রী।
আজকের একনেক সভায় কৃষি মন্ত্রণালয় ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে ৪১ কোটি ২০ লাখ টাকা খরচ বাড়ানো হয়েছে। ফলে মূল ৬৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয় বেড়ে হয়েছে ১০৯ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পটির সময়ও বাড়ানো হয়েছে।
প্রকল্পে এমন সময় বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রকল্পে সময় বাড়ানো আর টাকা বাড়ানোর ধারা বন্ধ করুন। নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করুন। সময় আরও বাড়িয়ে নিয়ে আসেন, ব্যয়ও আরও বাড়িয়ে নিয়ে আসেন। এটা আর হতে পারে না।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী/সচিবরা একনেক সভায় অংশ নেন। একনেক সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী সরাসরি জানতে চেয়েছেন, প্রকল্প বাস্তবায়ন দেরি হওয়ার কারণ কী? তিনি সরাসরি জানতে চেয়েছেন প্রকল্প পরিচালক কে? প্রকল্প পরিচারক উপস্থিত ছিলেন না। সেখানকার সচিবও মনে হয় নতুন। তিনিও এর তেমন একটা উত্তর দেননি। প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেন। সব প্রকল্প এরকম দেরি হয় কেন? এটা ছোট টাকার প্রকল্প। এটা তো এতদিন লাগার কথা না। যখন প্রকল্পটি শেষ হওয়ার কথা তখন আরও দুই বছর মেয়াদ বাড়াচ্ছেন কেন? এই সময় বাড়ানোর জন্য ৬৮ কোটির টাকাকে এখন ১০৯ কোটি বানালেন। এটা গিয়ে পর্যালোচনা করুন। প্রকল্প পরিচালকদের ডাকুন। সকল প্রকল্প যেন যথাসময়ে শেষ হয় সেই ব্যবস্থা নিন। কেন বিলম্ব হচ্ছে সেটার কারণ অনুসন্ধান করুন।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ (জেড-৮৭০১)’ প্রকল্পের প্রথম সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে ৪৪ কোটি ৫৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল খরচ ১০৪ কোটি ৭৭ লাখ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। ২০১৭ সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পটি ২০১৮ সালের ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। এখন এই প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০২১ সালের জুন পরয্ন্ত করা হয়েছে।
প্রকল্পটির প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী এখানেও বলছেন ২০১৭ সালে এক বছরের জন্য প্রকল্প নিলেন, এই প্রকল্প এতদিন লাগা উচিত হয়নি। এটা তো পুরনো সড়ক ছিল। এটা তো আপনারা তুলে ফেলতে পারতেন। এত দীর্ঘ সময় কেন লাগলো? আবার সংশোধন, আবার টাকা বাড়ানো – এই ধরনের ধারা বন্ধ করুন। প্রকল্প যে সময় নেবেন, সেই সময়ই শেষ হওয়া উচিত। সময় আরও বাড়িয়ে নিয়ে আসেন, ব্যয়ও আরও বাড়িয়ে নিয়ে আসেন। এটা আর হতে পারে না। এখন ২০২১ সাল পরয্ন্ত নিয়েছেন, এটাই শেষ। এরপরে আর বাড়াতে পারবো না। যখন যে প্রকল্প হবে, তা যথাসময়ে শেষ করবেন। তিনি (প্রধানমন্ত্রী) যথেষ্ট জোরের সঙ্গে এই কথা বলেছেন।
দক্ষিণাঞ্চলের সব সড়কের মাস্টার প্ল্যান করার জন্যও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনা কমিশনের সদস্য বলেন, পদ্মা সেতু হয়ে গেলে ওইদিকে পায়রা বন্দর হচ্ছে, সেনা নিবাস আছে। পদ্মা সেতু হয়ে গেলে উন্নয়ন কার্যক্রমে একটা নতুন গতিশীলতা তৈরি হবে। তিনি বলেছেন, সে কারণে দক্ষিণাঞ্চলের পুরো এলাকার মাস্টার প্ল্যান করো। কী কী রাস্তাঘাট আছে। সেগুলোতে অনেক ভারী যানবাহন যেতে পারে সেই ব্যবস্থা করে এগুলোকে পুনঃআকৃতি করুন। মাস্টার প্ল্যান অনুযায়ী সেটা করা উচিত। তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, এভারেজ ডেইলি ট্রাফিক অনেক বেড়ে যাবে। এটা বাড়ছেই। এখন থেকেই পুনঃগঠনের, পুনর্নিমাণের ও শক্তিশালী করার কাজ শুরু করতে হবে। পদ্মা সেতু হলে এই এলাকায় গতিশীলতা বাড়বে।
বিজনেস নিউজ/এমআরএম