April 21, 2026, 4:09 am

রাজস্ব বাড়লে ভ্যাটের হার কমবে: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব বাড়লে ভ্যাটের হার কমবে: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব বাড়লে ভ্যাটের হার কমবে বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফার্স হোটেলে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত ইএফডি ও এসডিজি ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে অবহিতকরণ বিষয়ে ব্যবসায়ীদের অংশগ্রহনে এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর।

রহমাতুল মুনিম বলেন, আমাদের এনবিআরের একটা ফর্মুলা আছে। যত রেভিনিউ (রাজস্ব) বৃদ্ধি পাবে তত আমরা রেট কমাতে পারবো। যত আয় বৃদ্ধি পাবে তত আমরা ভ্যাট কমাতে পারবো।

ভ্যাটের পরিমাণ বাড়াতে আগামী জানুয়ারি থেকে যেসব ক্রেতা ইফডি মেশিনের মাধ্যমে ভ্যাট দেবেন, তাদের লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, যাদের ইএফডি মেশিন আছে, তারা জানুয়ারি থেকে কম্ফোর্ট ফিল করবেন। ইএফডি মেশিনের মাধ্যমে একটা করে ইনভয়েস জেনারেট হয়। এই ইনভয়েসের একটা ইউনিক নম্বর থাকে। আমরা পরিকল্পনা করেছিম জানুয়ারি থেকে ইএফডি মেশিন থেকে যে ইনভয়েস পাব, সেগুলোর ওপর লটারি করবো। প্রতি মাসে ইনভয়েসগুলোর ওপর লটারি হবে। সেই লটারিতে আমরা বিভিন্ন ধরনের পুরস্কা রেখেছি।

লটারিতে প্রাপ্ত অর্থের জন্য ক্রেতা ভ্যাট দিতে উদ্বুদ্ধ হবেন জানিয়ে তিনি বলেন, যখন লটারিতে নগদ অর্থ পাওয়া যাবে তখন একজন কাস্টমার ২-৩ টাকা বেশি দিয়ে ভ্যাট দেয়ার জন্য দ্বিধা করবেন না। তখন তার কাছে ভ্যাট চাপ মনে হবে না। এ কারণে লটারির টিকিট নিতে ক্রেতা ইফডি মেশিন যেসব দোকানে আছে সেখান থেকে কেনাকাটা করবে। এর ফলে যে দোকানে ইএফডি মেশিন নেই সেই দোকানে বিক্রি কমবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায় নিয়ে অনেকের মধ্যে বিরূপ প্রভাব রয়েছে। যারা দোকান মালিক, তাদের পক্ষ থেকে এক ধরনের কথা আছে। আবার ভোক্তারা বলে, ভ্যাট দেই কিন্তু দোকান মালিক সেটা সরকারের কোষাগারে জমা দেয় না। ভ্যাট তো দোকান মালিক দেবে না, ভ্যাট দেবে ভোক্তা। সেই ভ্যাট সরকারের আমানত, দোকান মালিক শুধু সেটা সরকারকে বুঝিয়ে দেবে। এখানে দোকান মালিক তো তার লাভের অংশ সরকারকে দেবে না। তাহলে দোকান মালিকদের সমস্যা কোথায়? সমস্যা হতে পারে ভ্যাট আদায়ের ফলে ক্রেতা কম হওয়া। কিন্তু সেটাও সামনে হবে না।

দেশের উন্নতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা থেকে সবকিছুর উন্নয়ন হয়েছে। ভ্যাট দেবেন না, ট্যাক্স দেবেন না— দেশের উন্নয়ন সরকার করবে কিভাবে? বিদেশিদের কাছে হাত পেতে ভিক্ষা করে দেশের উন্নয়নের সেই জায়গাতে আর নেই বাংলাদেশ। আমরা নিজস্ব টাকায় পদ্মাসেতু করছি। ঢাকার শহরে মাটির নিচ দিয়ে গাড়ি চলবে। ফ্লাইওভার হয়েছে, সেটা দেখে কি আমাদের ভালো লাগে না? মহাশূন্যে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি। আমাদের স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন না থাকলে জাতি বড় হতে পারে না। আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে উন্নয়ন করতে হবে। আর এসব উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকারের তো অর্থ লাগবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক বাস্তবায়ন ও আইটি সদস্য মান্নান শিকদার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। ভারতের থেকে মোবাইল ব্যবহারে বাংলাদেশ এগিয়ে। আমরা ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছি। ১৯৯১ সালে শুনেছি, ভ্যাট দিলে ব্যবসা টিকবে না। ভ্যাট জনগণ দেয়, ব্যবসায়ীরা সেটা সরকারকে জমা দেয়। ভ্যাট ব্যবসায়ীদের দিতে হয় না। সরকারকে এগিয়ে নিতে হলে ভ্যাট আদায় করতে হবে। আমরা আর পেছনে থাকতে চাই না আমরা, এগিয়ে যেতে চাই।

এনবিআর সদস্য জাকিয়া সুলতানা বলেন, আমরা আগস্ট থেকে ১ হাজার প্রতিষ্ঠানে ইএফডি দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা সেটার দিকে এগিয়ে যেতে চাই। ২০টি সেক্টরে ইএফডি মেশিন বসছে। সরকারের পলিসি হলো সম্ভাব্য সবগুলো খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। তাই সরকারকে রাজস্ব প্রদানে সবাইকে সহযোগিতা করতে হবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com