April 19, 2026, 2:36 pm

প্রকল্পের টাকা উইপোকা খাবে, এটা চায় না

প্রকল্পের টাকা উইপোকা খাবে, এটা চায় না

আমাদের কোনো প্রকল্পের টাকা নয়ছয় হোক বা কোনো উইপোকায় খেয়ে যাবে এটা চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রতিটি প্রকল্পের অর্থ যেন শতভাগ সে প্রকল্পের জন্য খরচ হয় এটা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমরা কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।

আজ সোমবার (০৯ নভেম্বর) সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসি)’ বিষয়ে নবগঠিত সিটি করপোরেশন পর্ষদকে অবহিতকরণ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ ফজলে নূর তাপস বলেন, সরকারের অনেক প্রকল্পের টাকা সে প্রকল্পের জন্য পরিপূর্ণ খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী এ নিয়ে ক্ষোভের সঙ্গেই বলেছিলেন প্রকল্পের অর্থ উইপোকা খায়।

‘আমি চাই না কোনো প্রকল্পের টাকা কোনো উইপোকা খেয়ে যাক, এটা হতে দেবো না। প্রতিটি প্রকল্পের টাকা নির্দিষ্ট প্রকল্পে ব্যয় দেখতে চাই, এক্ষেত্রে কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।’

তিনি বলেন, এর আগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলেও শহরের দরিদ্ররা অনেক সেবা থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে চাই। আমরা আগামীতে নগরে বসবাসরত দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে চাই।

মেয়র তাপস বলেন, রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। দেশে এক সময় দারিদ্রসীমার নিচে ৭০ শতাংশ মানুষ বসবাস করতো। এখন সেটা ২০ শতাংশে এসেছে, হতদরিদ্র ১২ শতাংশের নিচে এসেছে। আমাদের বার্ষিক আয় ২ হাজার ডলার অতিক্রম করেছে। দেশ এগিয়ে যাচ্ছে, একটি মর্যাদার আসনে এসেছি আমরা। এখন আর কেউ ‘ডিজিটাল’ শব্দ বলে হাস্যরস করে না। আমাদের নিজ অর্থে এখন পদ্মাসেতু হচ্ছে। পদ্মাসেতু সম্পন্ন হলে আমাদের প্রবৃদ্ধি ২ শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাকেন্দ্রিক চাপও কমে যাবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com