May 25, 2026, 12:13 pm
মুক্তিযুদ্ধের শিক্ষা নিয়ে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতায় সকলের টিম ওয়ার্কের কারণে ক্যাপিটাল মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে আরো বৃহৎ পরিসরে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত স্মরন সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান।
এছাড়া শেয়ারবাজারের উন্নয়নে যে ভূমিকা পালন (রোল প্লে) করার দরকার, তা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে শেয়ারবাজার এগিয়ে যাচ্ছে। এই বাজারকে আগামিতে জিডিপিতে বড় ভূমিকা পালনের জন্য কমিশন কাজ করছে। আমাদেরকে বঙ্গবন্ধুর সততার ন্যায় কাজ করতে হবে। তাহলে দেশের অর্থনীতিকে বঙ্গবন্ধুর স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারব।
চেয়ারম্যান বলেন, এই স্মরণ সভার মাধ্যমে বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো আমরা পর্যালোচনা করে মেনে চলবো। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার চারিত্রিক বৈশিষ্ট্য ও পর্যালোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে আমাদের সকলের প্রতিজ্ঞা নেয়া উচিত আমরা যেন বঙ্গবন্ধুর মতো সৎ, নির্ভীক ও আত্মত্যাগের মাধ্যমে এগিয়ে যাই। এবং আজকের দিনের চেয়ে শিক্ষা, সে শিক্ষা যেন হয় আমাদের আগামী দিনের পাথেয়।
এর আগে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, সুশাসন, আইনের শাসন ও দূর্ণীতিমুক্ত করতে পারলে শেয়ারবাজার এগিয়ে যাবে। একইসঙ্গে কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। তাই বর্তমান কমিশনকে তাদের চলমান ধারাবাহিকতা থেকে কোনভাবেই বিচ্যুতি না হওয়ার অনুরোধ করেন তিনি। একইসঙ্গে কোনভাবেই অন্যায়ের কাছে আপোষ না করার কথা বলেন।
স্মরন সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন, কমিশনার ড. মিজানুর রহমান, সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির, ট্রেকহোল্ডার ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসই পরিচালক অধ্যাপক মাসুদুর রহমান, সিএসই চেয়ারম্যান আসিফ রহমান, ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
অনুষ্ঠানে বিএসইসি, ডিএসই, সিসিবিএল, সিডিবিএল এর কর্মকর্তা ও বিএমবিএ, ডিবিএর সদস্যসহ ট্রেক ফোল্ডারা উপস্থিত ছিলেন।