May 25, 2026, 12:12 pm
পুঁজিবাজারে বেশ কয়েকদিন ধরে টানা ঊর্ধ্বমুখী লেনদেন থাকার মধ্যেই সোমবার বাজারে মূল্য সংশোধন করায় আজ আবারো বড় ধরনের উত্থান হয়েছে। ছোট মূল্য সংশোধন করায় দুই পুঁজিবাজারেই নতুন জোয়ার এসেছে।
আজ বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ১০০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৭ পয়েন্ট বেড়েছে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, দর কমেছে ১১৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪১টির।
বুধবার ডিএসইতে এক হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭২ কোটি ২৯ লাখ টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ৮১টির। আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় এবং শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু পদক্ষেপ নেয়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বখতিয়ার হাসান বলেন, বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটে দীর্ঘদিন ধরে অধিকাংশ শেয়ারের দাম অবমূল্যায়িত ছিল। নতুন কমিশন দায়িত্ব পাওয়ার পর বেশকিছু ভালো উদ্যোগ নেয়ায় বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরতে শুরু করেছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভালো মৌল ভিত্তি সম্পন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া উচিত। গুজবে পড়ে কিছুতেই দুর্বল জেড গ্রুপের শেয়ারে বিনিয়োগ করা উচিত হবে না।