April 18, 2026, 4:08 pm

পল্লবী থানায় বিস্ফোরণ, ২ মামলা দায়ের

রাজধানীর মীরপুরের পল্লবী থানার ভেতরে বিস্ফোরণে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহতের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গ্রেফতারকৃত আসামিদেরকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম নামে এক বেসামরিক ব্যক্তির অবস্থা গুরুতর। তার বাম হাতের কবজি ও ডান হাতের একটি আঙুল কেটে ফেলা হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি।

উল্লেখ্য, স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের তিনজনকে গ্রেফতারের সময় তাদের কাছে ওজন মাপার যন্ত্রের মতো একটি মেশিন পাওয়া যায়। পল্লবী থানার ভেতরে আনার পর সেটিই বিস্ফোরিত হয়। তিনটি স্টিলের পাইপের মধ্যে বিস্ফোরক ভরে ওজন মাপার মেশিনে বোমা সেট করা হয়। এর মধ্যে একটি পাইপে থাকা বিস্ফোরক থানার দোতলায় বিস্ফোরিত হয়। বাকি দুটি পাইপের বিস্ফোরক গতকাল দুপুরে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। এগুলো ইডি বা এক্সপ্লোসিভ ডিভাইস বলে পুলিশের ধারণা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com