May 23, 2026, 6:36 pm

রামিসা হত্যা ইস্যুতে আইনশৃঙ্খলা অস্থিতিশীলের অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যা ইস্যুতে আইনশৃঙ্খলা অস্থিতিশীলের অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করলেও পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়ার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি দরিয়ারপুরের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব না হলেও সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে চায় এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।

তবে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, যারা সড়ক অবরোধ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ নিয়ে চিন্তা করে না। তাদের উদ্দেশ্য দেশে অরাজকতা সৃষ্টি করা।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের জন্য সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হবে। তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা গোপনে সেই শক্তির সঙ্গে যোগাযোগ করছে যাদের দেশের মানুষ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।

ন্যায়বিচার ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো অপচেষ্টা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পুরো অঞ্চলে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল পুনঃখননের প্রয়োজন রয়েছে। সরকার পরিকল্পিতভাবে এ বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা ব্যাহত করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তবে বিভ্রান্তি ছড়িয়ে আর কেউ সফল হতে পারবে না।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com