April 22, 2026, 3:47 pm
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) র সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত রুটিন অনুযায়ী, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিন সকালেই আবশ্যিক বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।
সূচি অনুযায়ী, ৪ জুলাই বাংলা ২য় পত্র, ৬ জুলাই ইংরেজি ১ম পত্র, ৮ জুলাই ইংরেজি ২য় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের উভয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ইতিহাস ১ম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাসের শেষভাগে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত রয়েছে।
জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতেও কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা ১ম পত্র এবং ৪ আগস্ট এসব বিষয়ের ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ের পরীক্ষার মাধ্যমে।
এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে।
প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না।
১০০ নম্বরের পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা। ব্যবহারিক যুক্ত ২৫ থেকে ৫০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে সময় কিছুটা কম হবে।
এছাড়া পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন পরীক্ষাকেন্দ্রে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.