April 22, 2026, 2:34 pm
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
জাতীয় সংসদে সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সহায়তায় সরকার নানা কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে, যার অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে।
এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
একই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
পাশাপাশি দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘সবার আগে বাংলাদেশ’—এই পররাষ্ট্রনীতির আলোকে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং পাঁচ বছর মেয়াদি কর্মসূচি।
সরকারের গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখনন, নিম্নআয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারীদের জন্য সম্মানি ও ভাতা, ক্রীড়াবিদদের জন্য ভাতা, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ।
এছাড়া সারাদেশে খেলার মাঠ উন্নয়ন, ‘ই-হেলথ কার্ড’-এর মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং চলতি অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.