May 23, 2026, 6:43 pm
কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে—আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন সিএনজির চালক, একজন পুরুষ যাত্রী ও তিনজন নারী যাত্রী।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. আবু ওবায়েদ দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সিএনজিটি শহরের কবুরহাট (বা ত্রিমোহনী) এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে।
এ দুর্ঘটনায় সড়কের যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত অব্যাহত রেখেছে।