April 22, 2026, 10:23 am
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ লেনদেন প্রায় এক ঘণ্টা কম সময় চলবে। একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে দাফতরিক সময়সূচীতেও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান মাসে ডিএসই ও সিএসইতে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।
পোস্ট ক্লোজিং সেশনে নতুন কোনো দাম প্রস্তাব করা যাবে না। তবে বিনিয়োগকারীরা দিনের ক্লোজিং দামে শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করতে পারবেন।
গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। রমজান শেষে ঈদের ছুটি কাটিয়ে পুনরায় আগের সময়সূচী অনুযায়ী লেনদেন চলবে।
রমজান উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাফতরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রমও আগের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হবে।