August 26, 2026, 4:30 pm
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
বৈঠক শেষে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, শপথ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া সংসদীয় দলের প্রথম সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। একই সঙ্গে সরকারিভাবে বরাদ্দকৃত কোনো প্লটও তারা নেবেন না। দলের পক্ষ থেকে বলা হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা ও নৈতিকতার জায়গা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, এসব সিদ্ধান্তের মাধ্যমে রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি আরও শক্তিশালী করার বার্তা দিতে চায় বিএনপি।