May 23, 2026, 6:44 pm

সিলেট নগরজুড়ে ঝুলছে, দাদু ইজ কামিং ব্যানার

সিলেট নগরজুড়ে ঝুলছে, দাদু ইজ কামিং ব্যানার

নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ সিলেটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে সিলেট নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যতিক্রমী ব্যানার দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সিলেটের জনসভায় যোগ দেওয়ার আগে তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া এবং হবিগঞ্জে পৃথক সমাবেশে অংশ নেবেন। পরে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। জনসভায় তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১ জন সংসদ সদস্য প্রার্থীকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। তাকে স্বাগত জানিয়ে নগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। ব্যানারগুলোতে লেখা স্লোগান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে।

জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত। ইতোমধ্যে আলিয়া মাদরাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। মাঠটি বালু ও পানি দিয়ে সুপরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে।

এদিকে জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এ সময় তার সঙ্গে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com