April 29, 2026, 6:06 am
চলতি সপ্তাহের শুরুর থেকেই পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন হচ্ছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার থেকে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত টানা বেড়েছে সূচক। এ সময়ে লেনদেনও ভালো হয়েছে। টাকার অংকে লেনদেন কমলেও সূচকের উত্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
বাজার পর্যালোচনা করে দেখা যায়, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে মূল্য সূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকও বেড়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭০২ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে মোট ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৭ কোটি ২২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯২ কোটি ৩৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১২৬ পয়েন্টে।
দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। আজ সিএসইতে ২৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।