August 19, 2026, 8:51 am

বাজেটে যেসব সুবিধা চায় এসএমই ফাউন্ডেশন

বাজেটে যেসব সুবিধা চায় এসএমই ফাউন্ডেশন

এসএমই খাতের উন্নয়নে জাতীয় বাজেটে বিভিন্ন ধরনের সুবিধা চেয়ে এনবিআরকে ৫০টি প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

সোমবার (১৪ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব প্রস্তাব তুলে ধরেন ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ।

সভায় ৫০টি সুবিধার মধ্যে ১২টি বিষয়ে আয়কর সুবিধা, ১২টি বিষয়ে মূল্য সংযোজন কর সুবিধা আর ২৬টি বিষয়ে শুল্ক কর সুবিধা চেয়ে প্রস্তাব করা হয়। সভা শেষে দেশের অর্থনীতিতে শতকরা ২৫ ভাগ অবদান রাখা এসএমই খাতের উন্নয়নে এসব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

এসএমই নীতিমালা ২০১৯ এর কৌশলগত লক্ষ্য ৪.১.৩.২ এ কর কাঠামো সহজীকরণ ও যৌক্তিকীকরণ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রতি অর্থবছরের মতো ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে এসএমইবান্ধব প্রস্তাবনা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানিয়ে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন, ট্রেড বডির কাছে প্রস্তাব চাওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে ১৮টি অ্যাসোসিয়েশন-ট্রেড বডি থেকে এসএমই খাত সংশ্লিষ্ট ১২০ এর বেশি প্রস্তাবনা পাওয়া যায়। পরবর্তীতে এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেড বডির প্রতিনিধিদের সাথে যৌক্তিকীকরণ সভার মাধ্যমে ৫০টি প্রস্তাবনা চূড়ান্ত করে এনবিআরের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১১-১২ অর্থবছর থেকে প্রতি অর্থবছরে এসএমই ফাউন্ডেশন কর্তৃক জাতীয় বাজেটে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট সংস্থা বরাবর উপস্থাপন করা হয়। ২০১১-১২ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এনবিআর ও সংশ্লিষ্ট সংস্থা বরাবর উপস্থাপিত ৪১৭টি প্রস্তাবনার মধ্যে ৭১টি সরকার/এনবিআর কর্তৃক গৃহীত হয়েছে এবং জাতীয় বাজেটে প্রতিফলিত হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com