April 18, 2026, 5:56 pm
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরও ২ জন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।
আহতরা হলেন- খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও প্রাইভেটকারের চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম (২৫)। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় ভোর রাত পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিন জন নিহত হন এবং অপর দুই জন আহত হন।
নিহতদের মরদেহ তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।