July 28, 2026, 4:08 pm

চিরকুট লিখে বিদ্যালয়ে বিষ পান করলেন প্রধান শিক্ষক

চিরকুট লিখে বিদ্যালয়ে বিষ পান করলেন প্রধান শিক্ষক

চাঁদপুর শহরের তালতলা এলাকার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্কুলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই প্রাথমিক সুরতহাল করেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিষ পান করে আত্মহত্যা করতে পারনে ওই প্রধান শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি বিদ্যালয়ে ছিলেন। পরে বিকেলে পরিবারের লোকজন বিদ্যালয়ের তৃতীয় তলার একটি বদ্ধ কক্ষে অচেতন অবস্থায় পেয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক নাছির আলম বলেন, স্যারের সঙ্গে আমার আজও কথা হয়েছে। স্যার আমাকে একবার বিদ্যালয়েও আসতে বলেছিলেন। পরে বিকেলে এসে স্যারের মৃত্যুর খবর শুনতে পাই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাবুদ্দিন বলেন, রফিকুল ইসলাম ২০২০ সালের ১ জানুয়ারি যোগদান করেন। তিনি খুব শান্তপ্রকৃতির মানুষ ছিলেন। আমার জানামতে কারও সঙ্গে দ্বন্দ্ব নেই। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ছাড়া তিনি একটা চিরকুট লিখে গিয়েছেন, যা তদন্তের স্বার্থে আমরা উন্মুক্ত করছি না। বাকি কাজ তদন্ত করে জানানো হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com