July 28, 2026, 10:01 am
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে যোগ দিতে ফেনীতে পৌঁছেছেন দেশসেরা তারকা ও শিল্পীরা।
সোমবার (১০ জানুয়ারি) রাতে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী পৌর আওয়ামী লীগ আয়োজিত কনসার্টে দর্শক মাতাবেন তারা।
আয়োজক সূত্রে জানা যায়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে গাইতে আসছেন নগর বাউল জেমস ও কণ্ঠশিল্পী হাসানসহ অনেকেই। শুধু তাই নয়, দর্শক মাতাতে ফেনীর এ মঞ্চে থাকবেন বড় পর্দার তারকা মৌসুমী, পূর্ণিমা, ওমরসানী ও ফেরদৌস। এছাড়া ফেনীর এ সাংস্কৃতিক অনুষ্ঠানকে আলোকিত করতে আসছেন ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা কাবিলা, শুভ, পাশা ও হাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
রোববার রাতে সরেজমিন ঘুরে দেখা যায়, ছোট-বড় নৌকা আর দৃষ্টি নন্দন সাজে সেজেছে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবিশাল বিস্তৃত মাঠ। আশপাশের ভবনের দেয়াল, সড়ক ও গাছগাছালি সব কিছুতেই জ্বলছে লাল-সবুজসহ নানা রঙের ঝলমলে বাতি। ফেনী সরকারি কলেজ ভবন, পাইলট উচ্চ বিদ্যালয় ভবন, অ্যাসেম্বলি ভবন, পাইলট প্রাথমিক বিদ্যালয় ভবন ও পৌরসভা এলাকাসহ আশপাশের সব ভবনই সেজেছে লাইটিংয়ে। এমন নান্দনিক দৃশ্য দেখতে শহরের কর্মব্যস্ত মানুষগুলো পরিবার স্বজন নিয়ে ঘুরে যাচ্ছেন অনুষ্ঠানস্থল।
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, অনুষ্ঠানে যোগ দিতে তারকা-শিল্পিরা ফেনীতে অবস্থান করে বিশ্রামে আছেন। তারা রাত ৭টার দিকে মঞ্চে উঠবেন।