August 26, 2026, 5:12 pm

বিএসইসিতে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ায় পুঁজিবাজার রিফর্ম হচ্ছে

বিএসইসিতে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ায় পুঁজিবাজার রিফর্ম হচ্ছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার কারণে পুঁজিবাজার রিফর্ম হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সাংসদ সালমান ফজলুর রহমান।

তিনি বলেন, গত কয়েক বছরে পুঁজিবাজারের পতন নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। তবে এখন তা আর নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) “ফিউচার অব বাংলাদেশ লেদার সেক্টর ইন দ্যা আফটারম্যাথ অফ কোভিড-১৯” শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) ওয়েবিনারটি আয়োজন করে।

সালমান এফ রহমান বলেন, প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (Foreign Direct Investment) আকর্ষণের জন্য গতিশীল পুঁজিবাজার খুবই জরুরি। কারণ যারা বিনিয়োগ করতে চাইবে তারা আগে দেখবে এই বিনিয়োগ প্রত্যাহারের (Exit) ভাল সুযোগ আছে কি-না। পাঁচ বছর হোক, ৭ বা ১০ বছর হোক, বিদেশী বিনিয়োগকারীরা এখান থেকে এক্সিট চাইতে পারে। আর এই এক্সিটের ক্ষেত্রে পুঁজিবাজারই সবচেয়ে ভাল ব্যবস্থা।

বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অর্থনীতিতে এ হারে প্রবৃদ্ধি হচ্ছে, সে হারে পুঁজিবাজারের বিকাশ হচ্ছে না। এই বাজার না থাকার মতো অবস্থায় আছে বলে মত প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি যখন চামড়া শিল্প দেখভাল শুরু করি তখন অতীতকে নিয়ে টানাটানি করতে চাইনি। কারণ আমাদের অনেক ভুল রয়েছে, আমি তা স্বীকার করি। যারা ভুল করেছে তাদের ধরে শাস্তি না দিয়ে যেসব সমস্যা এ শিল্পে ছিলো তা দূর করার চেষ্টা করছি। আসলে ভুল থেকে শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে।

তিনি বলেন, এই শিল্পের বর্তমান দূরবস্থার জন্য শুধু সরকার দায়ী নয়, এর দায় পরিবেশবাদীদের্সও রয়েছে। যখন হাজারীবাগে চামড়া নিয়ে কাজ হতো তখন এটাকে স্থানান্তরের জন্য লেখালেখি শুরু হয়, পরিবেশবাদীরা কথা বলতে শুরু করে। পরে তা সাভারে নেয়া হয়। যখন সাভারে নেয়া হয় তখন অবকাঠানো বলতে কিছুই উন্নত হয়নি। রাস্তাঘাটও ভালো ছিলো না।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিড অ্যান্ড ডিরেক্টর, পিআরআই এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক ও র‌্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দ্যা এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।

আলোচনায় অংশ নেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মানজুর, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ।

সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম দিলাল।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com