May 26, 2026, 7:30 am

ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই উদ্যোক্তাদেরকে চলতি হিসাব বছরে সরকারের প্রণোদনা প্যাকেজের ১০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন।

শনিবার (২৭ মার্চ) এসএমই ফাউন্ডেশনের ১৫তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

তিনি জানান, এসএমই ফাউন্ডেশন চলতি অর্থবছরে সরকারের প্রণোদনা প্যাকেজের ১০০ কোটি টাকা ঋণ দেবে। প্রণোদনা প্যাকেজের অবশিষ্ট ২০০ কোটি টাকা বিতরণ করা হবে আগামী অর্থবছরে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে সুষ্ঠুভাবে এ ঋণ বিতরণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত সমন্বয় করছে বলেও তিনি জানান।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের পক্ষে এসব পরিসংখ্যান তুলে ধরেন মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার। তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে পণ্য বাজারজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ১৯৯ জন উদ্যোক্তা। এর মধ্যে নারী-উদ্যোক্তা চার হাজার ৫০৯ জন এবং পুরুষ উদ্যোক্তা পাঁচ হাজার ৬৯০ জন।

সভায় ২০১৯-২০ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন হয়। ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

নাজিম হাসান সাত্তার আরও জানান, ২০২০ সালে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৬ কোটি ৩৮ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তারা। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে দেশের ৮টি বিভাগের ২৮টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মোট ৮ কোটি ৫৯ লাখ টাকার পণ্য বিক্রয় করে এবং ৭ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com