August 23, 2026, 2:34 pm

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে টিভিইটির কোনো বিকল্প নেই।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর সোবহানবাগে ‘দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে এসে দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। এ কারণে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্বজুড়ে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে ড. মিলন বলেন, প্রবাসী কর্মীরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানো সম্ভব হলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ জন্য কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

কারিগরি শিক্ষার অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পৃথক একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ করা হচ্ছে।

জাতীয় সংলাপে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com