May 24, 2026, 11:30 pm
প্রধানমন্ত্রী তারেক রহমান টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বাংলাদেশ সচিবালয় নিজ দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। বৃহস্পতিবার সকালে সশস্ত্র বাহিনীর তিন প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একইসঙ্গে প্রশাসনিক নানা কর্মসূচি নিয়েও ব্যস্ত সময় পার করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সমসাময়িক বিষয় ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী প্রশাসনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। ‘ফ্যামিলি কার্ড’ স্কিম চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তিনি।
সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় আরও একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই বৈঠকে পরিবেশ রক্ষায় পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।