August 24, 2026, 7:21 am
ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত রয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা পেতে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও উদ্যোগ চলছে। তিনি জানান, বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। “গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে,” বলেন তিনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করায় কূটনৈতিক অবস্থান এখন আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রতিটি নাগরিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভিসা জটিলতা দ্রুত নিরসন হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।
ইএটি