November 21, 2026, 10:01 pm

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন এবং দেশের গণতন্ত্রকে আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেটি জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তার পরিকল্পনা নিয়ে আছেন। মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে।”

তিনি আরও যোগ করেন, “সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ডাইনামিক করা সম্ভব হবে। মানুষের সমস্যা সমাধান, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তা দেওয়া আমাদের অগ্রাধিকার।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর মুহূর্তে সব ঠিক হয়ে যাবে এমন আশা করা ঠিক নয়। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়েছে, একটি নির্বাচিত সরকার এসেছে। এটি একটি বড় অর্জন, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রী জানান, “আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করব।” তিনি দুর্নীতি দূর করার দায়িত্ব নিয়েছেন এবং বলেন, “অন্তর্বর্তী সরকার যতটুকু করতে পেরেছে, করেছে। মূল লক্ষ্য ছিল গণতন্ত্রে উত্তরণ, যা তারা সম্পন্ন করেছে।”

বিভিন্ন জায়গায় রাজনৈতিক অফিস খোলার বিষয়ে তিনি বলেন, “বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে সাধারণীকরণ করা যাবে না।”

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com