August 25, 2026, 12:13 pm
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই দলের সব সংসদ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। শপথ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনসহ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
ইএটি