October 25, 2026, 1:42 pm
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে গণনা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে থাকায় প্রথমে রঙ অনুযায়ী আলাদা করে পরে পৃথকভাবে গণনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স গণনাকেন্দ্রে নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ বছর সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো রঙের এবং গণভোটের ব্যালট গোলাপি। গণনার শুরুতে ব্যালট পেপারগুলো রঙ অনুযায়ী আলাদা করা হচ্ছে, এরপর আলাদাভাবে ভোট গণনা করা হবে।
দুপুর ২টা পর্যন্ত সারা দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি বলেও জানান তিনি।
তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে ছোটখাটো সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্য দিয়েই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।