July 10, 2026, 12:44 pm

ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩-পালিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মাসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেস্কের উদ্যোগে এর আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ প্রধান ডেস্কের সামনে এবং আন্তর্জাতিক আগমনের গেটে যথাক্রমে বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ অভিবাসী কর্মীকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান বলেন, দেশের উন্নয়নে অভিবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব, অভিবাসীদের অধিকার রক্ষা এবং অভিবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী, বিএনডাব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডাব্লিউএফ কর্তৃক প্রদত্ত টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় দেবব্রত ঘোষ জানান, বিশ্বব্যাপী অভিবাসী এবং তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়ে আসছে। ২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।

মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মে নিযুক্ত থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। সেই পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে অভিবাসী দিবস ২০২৩ পালনের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা প্রদান করায় আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী, বিএনডাব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডাব্লিউএফ দেশি বিদেশি সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com