July 25, 2026, 10:19 am
গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান রওশন এরশাদ। সেখানে দুই নেতা বৈঠক করেন। এসময় প্রধানমন্ত্রীকে কিছু বিষয় অবহিত করেন এবং কিছু অনুরোধ করেন রওশন।
গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে রওশন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’ তবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন?’
জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার বিষয়ে রওশন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন। ওর কথা তার মনে নেই।’
এসময় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি (রওশন এরশাদ) কথা বলার মতো অবস্থায় নেই। বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের নেতা কাজী মামুনুর রশিদ।
এরপর কাজী মামুনুর রশিদ রওশন এরশাদের লিখিত একটি বক্তব্য সাংবাদিকদের দেন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে বলেছেন, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সুকৌশলে তাকে, সাদ এরশাদকে এবং গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিয়েছেন। দলের মধ্যে ‘ক্যু’ করে নেতৃত্ব গ্রহণ করেছেন। তিনি এসব বিষয় প্রধানমন্ত্রীকে জানিয়ে জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করার অনুরোধ করেছেন।
নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার জন্য জাতীয় পার্টি যাতে এককভাবে সারা দেশে প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন করে, সেটি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।
উল্লেখ্য, জাতীয় পার্টিতে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এবারের নির্বাচনে দলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রওশন ও তার ছেলে সাদ এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসনে মনোনয়ন নিয়েছেন, যেখানে বর্তমান সংসদ সদস্য সাদ এরশাদ।