October 9, 2026, 1:02 pm

ভোলায় সার কারখানা স্থাপনে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় সার কারখানা স্থাপনে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেখানে সার কারখানা করে গ্যাস ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে সমীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন। পরে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভোলা এলাকায় আমরা যে গ্যাস পেয়েছি, সেটি কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে যে, আমরা সেখান থেকে সিলিন্ডারে করে গ্যাস ঢাকায় আনতে পারি। ঢাকা এনে বিভিন্ন শিল্প কারখানায় সেটি দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে সেটি পরিমাণে খুব বেশি নয়। ওখানে যে গ্যাস আছে সেখানে আরো কিছু করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে— ওখানে একটি সার কারখানা করে গ্যাস ব্যবহার করা যায় কি না, সেই বিষয়টি সমীক্ষার মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে। একটি কার্যকর সমীক্ষার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সিলেটে তেল পাওয়ার বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মন্ত্রিসভাকে অবহিত করেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি যখন জ্বালানি মন্ত্রণালয়ে ছিলাম তখন তিন বছরে ৪৬টি কূপ খননের ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। সেই কার্যক্রমের অংশ হিসেবে যে কূপটি খনন করা হয়েছিল সেখানে তেল পাওয়া গেছে।

তিনি আশা করছেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আরও আমরা গ্যাস পাব। অন্যান্য খনিজ সম্পদও পাওয়ার সম্ভবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com