October 29, 2026, 4:56 pm

‌‘এবারও মানুষ নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করবে’

‌‘এবারও মানুষ নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রগতি সাধিত হয়েছে তা মূল্যায়নের সুযোগ পেয়ে অধিক আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিতে এবারও মানুষ নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় তাই আবারও দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের মানুষ আর পেছনের দিকে যাত্রা করবে না।

তিনি আরও বলেন, গ্রামের মানুষকে বঞ্চিত করে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুবিধা পৌঁছে দিয়েছেন। এখন শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার ফলে প্রত্যন্ত গ্রামের যুব সমাজও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। অনেক তরুণ-তরুণী এখন প্রথাগত চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখছে।

তাজুল ইসলাম বিগত পাঁচ বছরে লাকসাম-মনোহরগঞ্জ এর উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই অঞ্চলে উন্নয়নে কী করা হয়েছে তা আপনারা অতীত ও বর্তমানের তুলনা করলেই বুঝতে পারবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি বলব, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তা জানাতে হবে। কারণ বিএনপি জামায়াত মানুষকে বিভ্রান্ত করতে নানা রকম অপপ্রচার চালায়।

লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মুহাম্মদ আবদুল্লাহ তারেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ হাসান খোন্দকার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম পৌরসভার ভাইস চেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com