October 28, 2026, 12:25 pm

প্রশাসন ব্যবহার করে ভোটের বাক্স ভরার সুযোগ নেই : জাহাঙ্গীর

প্রশাসন ব্যবহার করে ভোটের বাক্স ভরার সুযোগ নেই : জাহাঙ্গীর

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেছেন, খালি মাঠে আর গোল দিতে দেব না। প্রশাসন ব্যবহার করে ভোটের বাক্স ভরার কোনো সুযোগ নেই। সিটি করপোরেশন নির্বাচনে আমাদের ওপর অত্যাচার নির্যাতন করেছেন। সেই সুযোগ এবার নেই। এবার ভোট হবে স্বচ্ছ, খেলা হবে পরিচ্ছন্ন।

বুধবার (২৯ নভেম্বর) সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন কেন করছেন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নাম উল্লেখ না করলেও তার সমালোচনা করে বলেন, যে আসনটি আগে ছিল বিএনপি জামায়াতের ঘাটি। ১০ থেকে ১২ বছর আগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে সেখানে আওয়ামী লীগের একটি শক্ত ঘাটি করা হয়েছে। মেয়র নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছর সাদিক আব্দুল্লাহ বরিশালকে আলোকিত করেছেন। বরিশাল ছিল চাঁদাবাজ মুক্ত। হাট-বাজার, বাসস্ট্যান্ড ছিল দখলমুক্ত। সাদিক আব্দুল্লাহ সিটি করপোরেশন ছেড়ে দেওয়ার পর সবখানে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে।

একেএম জাহাঙ্গীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা নির্বাচনে কেন এসেছি, আপনাদের প্রশ্ন জাগতে পারে। আমরা তো আওয়ামী লীগের। তাহলে আমরা কেন স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছি প্রশ্ন উঠতে পারে। উত্তরে বলবো, নেত্রী আমাদের সুযোগ দিয়েছেন জনপ্রিয়তা যাচাই করার জন্য। সেই সুযোগ আমরা নিয়েছি।

তিনি আরও বলেন, ফসল রোপণ করি আমরা। রোপণ থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত আমরা পরিশ্রম করে যাই। আর সেই পাকা ফসল আরেকজন এসে কেটে নিয়ে ঘরে তুলবে তা আমরা হতে দেব না। আমাদের কষ্টার্জিত ফসল আমাদের ঘরে রাখতে চাই।

তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুককে ইঙ্গিত করে বলেন, বিরোধীদলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি বরিশালে থাকা সত্ত্বেও তাকে আমরা কোনোদিন পাইনি। নির্বাচিত হয়ে কোনো মানুষের কাছে যাননি। কোনো দুঃখী মানুষের কাছে যাননি। আমরা এই লোককে চাই না। আমরা চাই যিনি জনগণের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে ঘুমান, জনগণের সুখ-দুঃখে পাশে থাকেন সেই সাদিক আব্দুল্লাহকে।

এছাড়া বিরোধীদলের নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থেকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সমাবেশে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি। এছাড়াও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com