October 9, 2026, 3:09 pm
ঢাকার কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। তা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপ-ভ্যানে হামলার খবর এসেছে। এতে পুরো এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে
জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কাকরাইল মসজিদের সামনের এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের এই উত্তেজনা সৃষ্টি হয়। এর আগে এদিন দুপুর সোয়া ১২টার দিকে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী বাস ও পিকআপ-ভ্যানে হামলা হয়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা বিএনপির নেতাকর্মী। তারা বাস ভাঙচুর করেছে। বাস ভাঙচুরের পর দুপুর পৌনে ১টার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় একজনকে মারধর করা হয়। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন।
জানা গেছে, পরে দুপুর ১টার দিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি শুরু কীভাবে হলো বা কে শুরু করল এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।