July 25, 2026, 6:16 pm

ভারতের বিপক্ষে খেলবেন না সাকিব!

ভারতের বিপক্ষে খেলবেন না সাকিব!

বিশ্বকাপে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে তার আগে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কার কালো মেঘ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়া সাকিবকে ছাড়াই হয়তো ভারতের বিপক্ষে খেলতে নামতে হতে পারে টিম টাইগার্সকে। এমনটাই আভাস দিয়ে রাখলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন সাকিব। ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয় হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না তিনি। পরে জানা যায়, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়। অবশ্য সে সময় স্ক্যান রিপোর্টে কী এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। এবার সেই ইনজুরির সর্বশেষ তথ্য জানাল বিসিবি।

আজ সোমবার ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে অধিনায়ক সাকিবের সর্বশেষ তথ্য জানান সুজন। মূলত ম্যাচের আগে আবারো স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সেই সঙ্গে একটা আভাসও যেন দিয়ে রাখলেন সুজন। তিনি বলেন, ‘সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে আজ সকালের দিকে একটি গণমাধ্যমে দাবি করা হয়, সাকিবের ইনজুরি নিয়ে জরুরি আলোচনায় বসে টিম ম্যানেজমেন্ট। যেখানে উপস্থিত ছিলেন দলের কোচিং স্টাফসহ খালেদ মাহমুদ সুজনও। ভারতের বিপক্ষে ম্যাচ বলেই যত চিন্তা। বিশ্বকাপের দৌড়ে থাকতে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের।

অবশ্য বিশেষ সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে চান সাকিব। তবে সেটি নিজের ফিটনেস অবস্থা বিবেচনা করে। সেক্ষেত্রে আগামী দুই দিনেরও বেশি সময় ধরে সুযোগ পাচ্ছেন সাকিব। এর মধ্যে ফিট হলেই মাঠে দেখা যাবে টাইগার অধিনায়ককে। নাহলে হয়তো বিশ্রামে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com