August 27, 2026, 5:14 pm

নির্বাচনের পথে আসুন, না হলে আম-ছালা সবই যাবে : ওবায়দুল কাদের

নির্বাচনের পথে আসুন, না হলে আম-ছালা সবই যাবে : ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ’এ দেশে তত্ত্বাবধায়ক আদালত কবর দিয়েছে। এই ভূত মাথা থেকে নামান। সোজা পথে আসুন, নির্বাচনের পথে আসুন। না হলে আমও যাবে ছালাও যাবে। কাজেই তত্ত্বাবধায়ক ছেড়ে নির্বাচনের পথে আসুন।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বিএনপি নেতাদের একটা কথা বলি, পৃথিবীতে কেবল একটি দেশেই তত্ত্বাবধায়ক সরকার আছে। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের হদিস নেই, খবর নেই। ফখরুল সাহেবকে বলি, দলবল নিয়ে চলে যান পিয়ারে পাকিস্তানে।’

বিএনপি গোপনে মিটিং করছে জানিয়ে তিনি বলেন, ‘আগুন-সন্ত্রাসের কর্মকাণ্ড করতে গোপনে মিটিং করা হচ্ছে। এই অপশক্তি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে আমাদের শপথ নিতে হবে, সতর্ক থাকতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় যখন, তখন আমি আড়াই বছর জেল খেটেছি। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন—আমি নাকি জেল খাটিনি। এত বড় মিথ্যা কথা। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এক দিনও বাসায় থাকতে পারিনি। বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছে। তারেক রহমানের বাবা (জিয়াউর রহমান) অহংকার করে বলত, মানি ইজ নো প্রবলেম। যেমন পিতা, তেমন সন্তান। তার ছেলেও (তারেক রহমান) বলে, আন্দোলন কর, টাকার অভাব হবে না। কোথা থেকে আসে এই টাকা?’

তারেক রহমান দেশে আসে না কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘রাজনীতি করার সৎ সাহস নেই যার, তার রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত। তারেক লন্ডনে বসে হাজার হাজার কোটি টাকা দেশে পাঠাচ্ছে। সে বলছে আন্দোলন কর, শেখ হাসিনাকে হটাও। টাকার কোনো সমস্যা হবে না। আন্দোলনের নামে কোটি কোটি টাকা খরচ করে সারা দেশ থেকে মানুষ নিয়ে এসে সমাবেশ করে, মির্জা ফখরুল এই টাকার উৎস কোথায়?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’বিএনপি এখনও সন্ত্রাসের রাজনীতি করে। যে জেএমবি সিরিজ বোমা হামলা চালিয়েছে, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। তারাই জামায়াত ও জঙ্গিদের মূল পৃষ্ঠপোষক।’

ওবায়দুল কাদের বলেন, ’খালেদা জিয়ার জন্য ৫০০ লোকের একটা মিছিল করতে পারেন নাই। এখন চোখের পানি ফেলছেন। আমীর খসরু, মির্জা আজমের চোখমুখ শুকিয়ে গেছে। আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলেন আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। দিনের আলোতে সবার চোখের সামনে, চক্ষুলজ্জা যাদের নেই, তারা এই কথা বলতে পারে। ফখরুল সাহেব ভুলে গেছেন ইতিহাস? তখন কি আপনার জন্ম হয় নাই?’

তিনি বলেন, ‘পুরো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। রক্তে ভেসে গেছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। সে রক্ত কাদের হাতে? সে রক্ত বিএনপির অনুসারীদের হাতে।’

এ সময় ওবায়দুল কাদের বলেন, ’শেখ হাসিনা এ দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com